
ভোলা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, সাবেক মন্ত্রী ও টানা ৯ বারের সংসদ সদস্য মরহুম তোফায়েল আহমেদের কুলখানি ও রূহের মাগফিরাত কামনায় ভোলায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ আসর মরহুমের পরিবারের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মরহুমের জামাতা ও সাবেক সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান। তিনি বলেন, “তোফায়েল আহমেদ ছিলেন একজন জনবান্ধব নেতা, যিনি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি এবং পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন, ভোলা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউনুস মিয়া, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে ভোলা খলিফাপট্টি জামে মসজিদের খতিব মাওলানা মুজির উদ্দিনের পরিচালনায় মরহুম তোফায়েল আহমেদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের উন্নয়নে তার অবদান এবং জনগণের প্রতি তার আন্তরিক সেবার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
© All rights reserved © 2026
Leave a Reply